সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জনে।
মঙ্গলবার (২৩ জুন) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারী চার মাস ১১ দিন বয়সী মো: ইমতিয়াজ আলী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় ২৫ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮০ জন।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৫৮ জন রোগী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুন পর্যন্ত সিলেট বিভাগে হামে ও উপসর্গে ৭৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকী ৭৬ জন শিশু। এরমধ্যে চারজনের হাম নিশ্চিত হলেও বাকীদের উপসর্গে মৃত্যু হয়েছে।
মৃত্যুবরণকারীদের মধ্যে সর্বোচ্চ ৩১ জন সুনামগঞ্জ জেলার, এরপর ২৯ জন সিলেটের, মৌলভীবাজারের ১১ ও হবিগঞ্জের ছয়জন রয়েছেন।
এদিকে সিলেট বিভাগে এখন পর্যন্ত ৩৬৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২১৩ জন সুনামগঞ্জ জেলার, সিলেটের ১০৭, হবিগঞ্জের ৩২ ও মৌলভীবাজারের ১৬ জন রয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগে হাসপাতালে ভর্তিকৃত সন্দেহজনক ২৫৮ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ৯০ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭১, রাগীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ১০, মাউন্ট এডোরা হাসপাতালে দুই, নর্থ ইস্ট হাসপাতালে ১০, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে তিন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই, সিলেট লায়ন্স হাসপাতালে ছয়, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৮, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নয়জন ভর্তি রয়েছেন।



