নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
নিহত আলিনুর ওই গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।
আলিনুরের ভাই আমিনুর ফকির জানান, গত ১৫ রমজান একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখ আলিনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন। দীর্ঘদিন রাজিব পাওনা টাকা আলিনুরকে ফেরত না দিয়ে তালবাহানা করছিলেন। শনিবার রাতে পাওনা টাকা দেয়ার কথা বলে রাজিবসহ তাদের পরিবারের লোকজন তাদের দুই ভাইকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নেয়।
এরপর হঠাৎ করে আক্রমণাত্মক হয়ে ওঠে রাজিব শেখসহ তাদের পরিবারের লোকজন। কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত রাজিব
আলিনুরের পেটে ছুরিকাঘাত করে জখম করে। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।



