৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। এ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ৫ লাখ গাছের চারা রোপণ করা হবে।
শনিবার (১৩ জুন) দুপুরে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সেন্ট্রাল রেস্ট হাউজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা।
এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: ইলিয়াস মেহেদী, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, সদস্য (বাস্তবায়ন) জাহিদ ইকবাল, পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর, আইএমইডি) মোহাম্মদ কামাল হোসেন তালুকদারসহ বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও পার্বত্য অঞ্চলের সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, বনজ সম্পদ সংরক্ষণ এবং বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক হারে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যাও জরুরি।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃক্ষ রোপন কর্মসূচির মাধ্যমে পাহাড়ি এলাকার পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে দীর্ঘমেয়াদি ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে।



