চুয়াডাঙ্গার দর্শনায় নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে সন্ধ্যা রানি (৬৩) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কমপক্ষে ১৫ জন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উথলী গ্রামের মালোপাড়ার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সন্ধ্যা রানি দর্শনার রামনগর বাগদিপাড়ার দুলালের স্ত্রী। আহতরা সবাই একই এলাকার বাগদি সম্প্রদায়ের সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা বিভিন্ন হাট-বাজারে পণ্য বিক্রি করে ফেরার পথে আলমসাধুতে (স্থানীয় ভ্যানযান) করে খালিশপুর থেকে দর্শনায় ফিরছিলেন। আলমসাধুটি উথলী মালোপাড়ার কাছে পৌঁছালে হঠাৎ দু’টি শিয়াল রাস্তার সামনে চলে আসলে চালক নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন। মুহূর্তেই আলমসাধুটি উল্টে যায়। এতে যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা রানী মারা যান।
আহতদের মধ্যে রয়েছেন- দুলালের মেয়ে বাদোলি রানি (৩০), কুমার মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (৪৫) ও তার স্ত্রী রিকা রানি (৪০), খোকনের স্ত্রী শেফালী (৪৫), গোপালের স্ত্রী সন্ধ্যা (৫০), ঠাকুর বিশ্বাসের স্ত্রী জোসনা (৫০), চিত্তের স্ত্রী চায়না (৩০), কোমলের ছেলে টুকুল (৩০), সুনিলের ছেলে অশোক (৪০), আব্দুল জলিলের ছেলে আলমসাধু চালক মিলনসহ (৩০) আরো কয়েকজন।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পরপরই তারা আহতদের উদ্ধার করে দর্শনার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদি হাসান বলেন, ‘গতরাতেই আমি বিষয়টি শুনেছি, একজন নিহত হয়েছেন।’



