আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, ‘সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে।’
শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ধলহরাচন্দ্র গ্রামে ছাইভাঙ্গা, দলিলপুর ও আলফাপুর পর্যন্ত ১১ কিলোমিটার খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘খাল খনন প্রকল্পটি ছিল বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার। তার ধারাবাহিকতায় সারাদেশে শুরু হয়েছে খাল খননের কাজ।’
তিনি বলেন, ‘ইতোমধ্যেই সরকার কৃষকদের ১০ হাজার টাকার ব্যাংক ঋণ মওকুফ করেছে। সেই সাথে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। আগামী পহেলা বৈশাখ সারাদেশে ৩৮ হাজার কৃষককে কৃষি কার্ড দেয়া হবে। পরবর্তীতে সারাদেশে সাড়ে চার কোটি কৃষককে কৃষি কার্ড দেয়া হবে। লেবার দিয়ে দৈনিক হাজিরা হিসেবে এসব খালের মাটি কাটা হবে। তাতে দেশের মানুষ অনেকটা অর্থনৈতিকভাবে লাভবান হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসন আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সভাপতি ও প্রশাসক অ্যাডভোকেট আব্দুল মজিদ, পুলিশ সুপার মাহফুজুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শিব শংকর, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুর ফিরোজ, ৮ নম্বর ধলহরা চন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মোল্লাসহ প্রমুখ।



