সাতক্ষীরায় গরু বহনকারী আলম সাধু (স্থানীয়ভাবে তৈরি এক ধরনের গাড়ি) উল্টে ইশারাত আলী (৬০) ও আব্দুল মতলেব সরদার (৫০) নামে দুই গরু ব্যবসায়ী নিহত এবং চালকসহ আরো দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বালিগাদা ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ী ইশারাত আলী সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামের বাসিন্দা ও আব্দুল মতলেব সরদার ফিংড়ি ইউনিয়নের উত্তর জোড়দিয়া গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে।
আহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সাড়াগাছি গ্রামের নসিমন চালক মামুন হোসেন ও ফিংড়ি ইউনিয়নের গোবরদাড়ি গ্রামের আমিনুর রহমান।
ধুলিহর গ্রামের ইউনুস আলী জানান, গরু ব্যবসায়ী ইশারাত আলী, আব্দুল মতলেব ও আমিনুর রহমান একটি আলম সাধুতে তিনটি গরু নিয়ে বিক্রি করার জন্য বৃহস্পতিবার সকালে ধুলিহর এলাকা থেকে খর্নিয়া বাজারে যাচ্ছিল। পথিমধ্যে বেলা সোয়া ১০টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বালিগাদা ইটভাটার কাছে পৌঁছালে হঠাৎ করে আলম সাধুর একটি চাকা বাস্ট হয়ে গেলে সেটি উল্টে রাস্তার পাশে বিলে পড়ে যায়। এতে গরু ব্যবসায়ী ইশারাত আলী ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হয় মতলেব ও মামুন। তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মতলেব মারা যায়। এছাড়া আহত আমিনুরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’



