আগামী নির্বাচনে দেশের মানুষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও নারী হেনস্তাকারীদের লাল কার্ড দেখাবে—এমন মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ দল সমর্থিত জামায়াত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জুলাই বিপ্লবের পর দেশ যখন ফ্যাসিবাদমুক্ত, তখন বিএনপির নেতাকর্মীরা বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতে গেছে। ক্ষমতায় যাওয়ার আগেই দলটি খুন, চাঁদাবাজি, দখলবাজি ও নারীদের হেনস্তায় চ্যাম্পিয়ন হয়েছে।”
তিনি আরো দাবি করেন, “আমাদের মায়েদের পেটে বিএনপির নেতাকর্মীরা লাথি মেরেছে। জামায়াতের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের প্রমাণ নেই। তাই সারাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে।”
জেলা জামায়াত আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য দেন জামায়াত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো. ইব্রাহিম, এনসিপির দক্ষিণাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক মিঞ্জিলা ঝুম, বান্দরবান জেলা আমির এ এস এম আব্দুস সালাম, রাঙামাটি জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী এবং মারমা, চাকমা ও ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধিরা।
প্রধান অতিথি বলেন, “জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছেন। ৯ থেকে ১৩ তারিখের মধ্যে যদি কোনো কর্মকর্তা অনিয়ম করেন বা কোনো প্রার্থী হুমকি-ধমকির মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা করেন, তাহলে দেশে আরেকটি অভ্যুত্থান হবে।” এ সময় তিনি ভোট চোর, ভোট ডাকাত ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।



