চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে অবৈধ কেওড়া জল বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা গেছে, বাজার তদারকির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, খাদ্য সামগ্রী ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অবৈধ কেওড়া জল বিক্রির অপরাধে মেসার্স সহিদুল স্টোরের মালিক মো: সহিদুল ইসলামকে পাঁচ হাজার টাকা ও মেসার্স রিয়াদ স্টোরের মালিক মো: সিহাব উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত দুই প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে বাজারের ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রি করা এবং কোনো ধরনের মেয়াদোত্তীর্ণ, মানহীন বা নিষিদ্ধ পণ্য, ওষুধ, বীজ ও শিশু খাদ্য বিক্রি না করার কঠোর নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সদস্য মো: রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুন হাসান।



