বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘নতুন বাংলাদেশে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। জামায়াতে ইসলামীর রাষ্ট্র সংস্কারের মূল লক্ষ্যই হলো চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত মানবিক, সামাজিক ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। জনগণের রায় পেলে আধিপত্যবাদবিরোধী সৎ ও যোগ্য জনপ্রতিনিধিদের নিয়ে ইনসাফ, ন্যায় ও মানবিক কল্যাণভিত্তিক সরকার গঠন করা হবে।’
শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা: শফিকুর রহমান বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ চাঁদাবাজির শিকার হবে না, দুর্নীতির কারণে কেউ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। রাষ্ট্র হবে জনগণের সেবক, জনগণের ওপর শাসক নয়।’
তিনি আরো বলেন, ‘হাজার হাজার নেতাকর্মীকে ঠান্ডা মাথায় হত্যা করে দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। মানুষ কথা বলার অধিকার হারিয়েছিল। আগামী দিনে আর কোনোভাবেই এই ফ্যাসিবাদ ফিরে আসতে দেয়া হবে না।’
জামায়াতের আমির বলেন, ‘দেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজ রাজনীতিকে আর গ্রহণ করবে না। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ফ্যাসিবাদমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’
পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
এ সময় পাবনা জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা-৫ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইন, পাবনা-১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমিন, পাবনা-২ আসনের প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, পাবনা-৩ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আজগর, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
সভা সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি আবু সালেহ মো: আবদুল্লাহ ও এস এম সোহেল।



