চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তারের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। এসময় বক্তারা প্রশাসকের পদ থেকে অবিলম্বে তার প্রত্যাহার দাবি করেন।
রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের শহীদ হাসান চত্বরে চুয়াডাঙ্গা পৌর নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ ও মানববন্ধনে চুয়াডাঙ্গা পৌর শহরের বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান পৌর প্রশাসক শারমিন আক্তারের প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা কারণে পৌরসেবাসহ বিভিন্ন সরকারি কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চুয়াডাঙ্গায় যোগদান করে এখনো দায়িত্ব পালন করে যাচ্ছেন, যা নিয়ে জনসাধারণের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌর প্রশাসক ও তার স্বামী একই জেলায় চাকরি করার সুযোগে এলাকায় অবৈধ প্রভাব বিস্তার করে চলেছেন। সম্প্রতি চুয়াডাঙ্গা শহরে উচ্ছেদ অভিযানের নামে কোনো প্রকার আগাম নোটিশ ছাড়াই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। এতে সাধারণ ব্যবসায়ীরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বক্তারা বলেন, ‘চুয়াডাঙ্গা পৌরসভার স্বাভাবিক কর্ম পরিবেশ ও জনসেবা সুনিশ্চিত করতে অবিলম্বে বর্তমান প্রশাসককে চুয়াডাঙ্গা থেকে প্রত্যাহার করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’



