‘এসো মিলে ভ্রাতৃত্বের বন্ধনে’- প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন করা হয়েছে। হীরক জয়ন্তী উপলক্ষে জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।
সোমবার (২৩ মার্চ) দিনব্যাপী হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে আনন্দ শোভা যাত্রা, আলোচনা সভা, সাবেক শিক্ষক-শিক্ষার্থী ও দাতা সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আলেফ উদ্দিন হীরক জয়ন্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক কাজী গোলাম মোস্তফা, জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক ও জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।
হীরক জয়ন্তীতে যোগদান করা শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের প্রবীণ শিক্ষার্থীদের সাথে নবীন শিক্ষার্থীরা পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। হীরক জয়ন্তী নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে।
জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক বলেন, ‘আমাদের বিদ্যালয়টি দীর্ঘ ৬৫ বছর যাবৎ সমাজে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন দফতরে নিয়োজিত থেকে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। হীরক জয়ন্তী নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে উদ্বুদ্ধ করবে।’



