করতোয়া নদী রক্ষায় বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রায় ৩১ কিলোমিটার নদীপথের বিভিন্ন স্থানে ভাঙন ও ক্ষয়ক্ষতির কারণে কৃষিজমি নষ্ট হচ্ছে। এসব এলাকা রক্ষায় নদীতে ব্লক বসিয়ে বাঁধ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে।

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়)

Location :

Panchagarh
প্রকল্প পরিদর্শন করছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
প্রকল্প পরিদর্শন করছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ |নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে বাঁধ নির্মাণের প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নদী ব্রিজের দক্ষিণ পাশে ময়নামতি চর সংলগ্ন স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় তার সাথে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানসহ উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি জানান, পঞ্চগড়ে প্রায় ৩১ কিলোমিটার নদীপথের বিভিন্ন স্থানে ভাঙন ও ক্ষয়ক্ষতির কারণে কৃষিজমি নষ্ট হচ্ছে। এসব এলাকা রক্ষায় নদীতে ব্লক বসিয়ে বাঁধ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। পাশাপাশি ২৫ কিলোমিটার নদী খননেরও উদ্যোগ রয়েছে।

এ প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙন রোধের পাশাপাশি কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানোর যে উদ্যোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রহণ করেছিলেন, বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে। খাল খনন ও নদী ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরো শক্তিশালী হবে।’

তিনি আরো বলেন, ‘ময়নামতি চরকে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। চর এলাকাকে নদীভাঙন থেকে রক্ষা এবং পর্যটকদের জন্য উপযোগী পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

জানানো হয়, আগামী জুনের মধ্যেই প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু করার লক্ষ্যে প্রস্তুতি নেয়া হচ্ছে।