একাধিক নির্বাচনী জনসভায় যোগ দিতে বারো আউলিয়ার আবাসভূমি চট্টগ্রামে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) তার এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম-কক্সবাজারের সংসদীয় আসনসমূহে ব্যাপক উদ্দীপনা ও সাজ সাজ রব তৈরি হয়েছে।
চট্টগ্রামের রাজনীতির মাঠ থেকে শুরু করে পাড়া-মহল্লার চায়ের দোকান; সবখানেই এখন একই আলোচনা। নেতাকর্মীরা বলছেন, জামায়াতে ইসলামীর আমির আমাদের এলাকায় সফরে আসছেন এটিই এখন চট্টগ্রামের সবচেয়ে বড় খবর।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় রাজধানীর বাসভবন থেকে হেলকপ্টারে ঢাকা ত্যাগ করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ঢাকা থেকে তিনি সরাসরি কক্সবাজার জেলার দ্বীপাঞ্চল মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম জনসভায় অংশ নেবেন। এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন দলটির কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় জামায়াতের অন্যতম প্রতিনিধি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনে ২০০৮ সালেও এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।
এরপর কক্সবাজার পৌর সদরের বাহারছড়া গোল চত্বর মুক্তিযোদ্ধা মাঠে দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হবে। দুপুরে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চবিদ্যালয় মাঠে তৃতীয় জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির। এতে সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী। এই জনসভায় দক্ষিণ চট্টগ্রামের সব আসনের প্রার্থী ও নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সেখান থেকে জামায়াত আমির চলে যাবেন উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। বিকেলে তিনি সীতাকুণ্ড সরকারি উচ্চবিদ্যালয় মাঠে চতুর্থ জনসভায় যোগ দেবেন। সর্বশেষ সন্ধ্যার দিকে তিনি চট্টগ্রাম নগরের বন্দর কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল প্রধান মাওলানা মুহাম্মদ শাহজাহান নয়া দিগন্তকে বলেন, ‘আমরা কক্সবাজার ও চট্টগ্রামের ৫টি জনসভার সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। ইতোপূর্বে আমরা জনসভার মাঠগুলো পরিদর্শন করেছি। এখন চট্টগ্রাম-কক্সবাজারে আমিরে জামায়াতকে বরণ করে নেয়ার পালা।’
চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম মহানগরীর ৪টি আসনের জনগণকে নিয়ে জনসভা হবে একটি। কিছুক্ষণ আগে সর্বশেষ জনসভাস্থল বন্দর কলেজ মাঠ পরিদর্শন করেছি। এছাড়া আমিরে জামায়াতের আগমন উপলক্ষে কোতোয়ালী, বন্দর, পাঁচলাইশ, বাকলিয়াসহ নগরীর বিভিন্ন স্থানে স্বাগত মিছিল করেছেন নেতাকর্মীরা।’
দলীয় সূত্র জানিয়েছে, জনসভাসমূহে জামায়াতের আমির ছাড়াও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতাদের অনেকেই অংশ নিবেন। এরমধ্যে লোহাগাড়ার সমাবেশে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান আল্লামা সরওয়ার কামাল আজিজীসহ বেশ কয়েকজন অংশ নিতে পারেন।
এদিকে এলডিপির লোহাগাড়া উপজেলা সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী জানিয়েছেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমাবেশে অংশ নিতে ইতোমধ্যে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্নেল অলি আহমদ চট্টগ্রামে এসে পৌঁছেছেন। ইতোপূর্বে তিনি চট্টগ্রাম-১৪ ও চট্টগ্রাম-১৫ আসনে একাধিকবার এমপি নির্বাচিত হয়েছিলেন।



