শৈলকুপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে উপজেলার শেখড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Shailkupa

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে।

শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে উপজেলার শেখড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন— শহীদ বিশ্বাস (৪২), দানেফ (৪৫), শাহিন বিশ্বাস (৪০), বাবুল বিশ্বাস (৪২) ও এনামুল বিশ্বাস (২৮)। আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার রাতে শেখড়া বাজারে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহারে অন্তত আটজন আহত হন।

আহতদের মধ্যে শহীদ বিশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্প ও থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।