আসন্ন পহেলা বৈশাখ ও কোরবানি ঈদকে সামনে রেখে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে চুয়াডাঙ্গায় সীমান্তজুড়ে ‘অপারেশনাল অ্যালার্ট’ জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (১১ এপ্রিল) থেকে জেরা ব্যাটালিয়নের আওতাধীন ১৯টি বিওপি ও একটি আইসিপির মাধ্যমে প্রতিদিন দিবারাত্রি ৮১টি টহল পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে দর্শনা স্থলবন্দর এলাকায় আমদানি-রফতানি সংশ্লিষ্ট যানবাহনে গত ২৪ ঘণ্টায় ৮১টি বিশেষ নজরদারি ও তল্লাশি চালানো হয়।
সীমান্তবর্তী ১৪টি তেল পাম্পে নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি বিশেষ চেকিং জোরদার করা হয়েছে। সম্ভাব্য পাচার রুটগুলো চিহ্নিত করে সেখানে ১,২১৫টি টহল এবং ১৬৫টি বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। একইসাথে স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ১১টি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
শুধু অভিযানেই সীমাবদ্ধ নয়, জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দিয়েছে বিজিবি। এ পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদের অংশগ্রহণে ১৫টি মতবিনিময় সভা আয়োজন করে তেল পাচারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে অবহিত করা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান বলেন, ‘সীমান্ত পথে কোনোভাবেই জ্বালানি তেল পাচার হতে দেয়া হবে না। বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সন্দেহজনক যেকোনো চলাচলের ওপর কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে, কোরবানি ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে গরু পাচার রোধেও নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত টহল, চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমে চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে।
চলতি ২০২৬ সালে যশোর রিজিয়নের আওতায় পরিচালিত অভিযানে ইতোমধ্যে ৬২ লাখ ৮৬ হাজার ২১০ টাকার চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। একই সময়ে মাদকবিরোধী অভিযানে এক কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৬৫০ টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১,৪০২ বোতল মদ, ৯৫৮ বোতল ফেন্সিডিল, ১৮৪৪৫ কেজি হেরোইন, ২১.৩ কেজি গাজা, ১,৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাবলেট।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়েছে।



