বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) শাহজাহান চৌধুরী বলেছেন, ‘একটি আদর্শ সমাজ ও কল্যাণরাষ্ট্র গঠনে সৎ, দক্ষ ও আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই। রুকনদেরকে সংগঠনের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে সমাজে ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজের সর্বস্তরে নৈতিকতা, সততা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীর কর্মীদেরকে আরো দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।’
শনিবার (৭ মার্চ) সাতকানিয়া পৌর সদরস্থ ইসলামিক সেন্টার হলরুমে সাতকানিয়া উপজেলা ও পৌর জামায়াতের রুকনদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি তারেক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান বক্তা ছিলেন জামায়াতের চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক।
প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক জাফর সাদেক বলেন, ‘জামায়াতের রুকনরা সংগঠনের মূল শক্তি। তাদেরকে আত্মশুদ্ধি, দাওয়াতী কাজ ও সাংগঠনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সবসময় সচেতন ও সক্রিয় থাকতে হবে। কোরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রুকনদেরকে আদর্শিক দৃঢ়তা ও কর্মতৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।’
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, জেলা পলিটিক্যাল সেক্রেটারি মাওলানা আবুল ফয়েজ, লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, জেলা মজলিসে শূরা সদস্য এম ওয়াজেদ আলী, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির ডা: নুরুল হক, সাতকানিয়া জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুস সোবাহান, পৌর জামায়াতের আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, সাতকানিয়া জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সাতকানিয়া পৌর নায়েবে আমির শাহ আলম, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, বায়তুলমাল সম্পাদক রফিক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হেসেন, অফিস সম্পাদক আইয়ুব আলী, মানব সম্পদ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, মাওলানা ফৌজুল কবির, মাওলানা আবু আহমেদ, মাওলানা মাহমুদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় সাতকানিয়া উপজেলা ও পৌর জামায়াতের রুকনগণ উপস্থিত ছিলেন।



