বরগুনার সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই

বরগুনা-২ আসনের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

এ এস এম জসিম, পাথরঘাটা (বরগুনা)

Location :

Patharghata
গোলাম সরোয়ার হিরু
গোলাম সরোয়ার হিরু |নয়া দিগন্ত

বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী, কালমেঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেগম নুর আফরোজ হেপী।

গোলাম সরোয়ার হিরু তিনি ১৯৪৯ সালের ৩০ আগস্ট পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিচিতি লাভ করেন। এর আগে তিনি পাথরঘাটার কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

তার রাজনৈতিক জীবন ছিল বেশ বৈচিত্র্যময়। ইসলামী ঐক্যজোট দিয়ে সংসদে যাওয়ার পর বিভিন্ন সময়ে তিনি বিএনপি, আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত হন।

২০১৩ সালে বরগুনা-২ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেন। পরবর্তীতে ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করলে বিষয়টি স্থানীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রূহের মাগফিরাত কামনা করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।