যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের পর কোটি টাকা মুক্তিপণ দাবি

সোমবার রাতে নিজ বাড়ি থর্মতলায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যান।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
অপহরণের স্বীকার জাহাঙ্গীর আলম শাহীন
অপহরণের স্বীকার জাহাঙ্গীর আলম শাহীন |নয়া দিগন্ত

যশোরের ধর্মতলা এলাকার বাসিন্দা এবং শহরের শংকরপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ‘আর আর মেডিক্যালের’ মালিক জাহাঙ্গীর আলম শাহীনকে (৪৫) অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।

সোমবার (২ মার্চ) রাতে নিজ বাড়ি থর্মতলায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যান।

অপহৃত জাহাঙ্গীর আলম শাহীন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রামের মরহুম লুৎফর রহমান মাস্টারের ছেলে। তিনি বর্তমানে যশোর শহরের ধর্মতলা এলাকায় সপরিবারে বসবাস করেন।

পরিবারের সদস্যরা জানিয়েছে, সোমবার রাত ১০টার দিকে জাহাঙ্গীর আলম শাহীন মোটরসাইকেল যোগে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ধর্মতলার বাসার উদ্দেশে রওনা হন। পথে শংকরপুর পশু হাসপাতালের সামনে পৌঁছালে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে গতিরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অপহরণকারীরা তাকে মোটরসাইকেলসহ তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় অপহৃতের স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অপহরণের পর তাদের ব্যবহৃত মোবাইল ফোনে কল করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। মুক্তিপণ না দিলে মেরে ফেলারও হুমকি দেয়া হয়েছে।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, ‘তদন্ত চলছে এখনই কিছু বলা যাচ্ছে না।’