ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ-নবীনগর সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে মোট চার কোটি ৫৮ লাখ ২০ হাজার ৮১৩ টাকার ল্যান্ড অ্যাকুইজিশন (এলএ) চেক বিতরণ করা হয়েছে।
তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার শেষ দিন বৃহস্পতিবার (২১ মে) দুপুরে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে ওই চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মো: আবুসাঈদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মানস চন্দ্র দাস, সহকারী কমিশনার হেভেন চাকমা, আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল আলম ও আড়াইসিধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম মিঠু প্রমুখ।



