যৌতুকমুক্ত বিবাহ করলে কর্মসংস্থানের সুযোগ দেয়া হবে : ত্রাণমন্ত্রী

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্টার ও হিন্দু বিবাহ নিবন্ধকরা তাদের কাজের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
বক্তব্য রাখছেন ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
বক্তব্য রাখছেন ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু |নয়া দিগন্ত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘যৌতুকমুক্ত বিবাহ করলে কর্মসংস্থানের সুযোগ দেয়া হবে।’

তিনি বলেন, ‘যৌতুকমুক্ত বিবাহকে উৎসাহিত করতে সরকার কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।’

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে লালমনিরহাট শহরের সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা কাজী সমিতি, লালমনিরহাট আয়োজিত নিবন্ধিত মুসলিম নিকাহ রেজিস্টার ও হিন্দু বিবাহ নিবন্ধকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্টার ও হিন্দু বিবাহ নিবন্ধকরা তাদের কাজের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন।

নিবন্ধন কার্যক্রমকে আরো স্বচ্ছ, সহজ ও আধুনিক করার ওপর গুরুত্বারোপ করে ত্রাণমন্ত্রী বলেন, ‘সেবার মান উন্নয়ন, আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ এবং সাধারণ মানুষকে হয়রানি থেকে মুক্ত রাখতে হবে।’

লালমনিরহাট জেলা কাজী সমিতির সভাপতি কাজী আমজাদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সভায় জেলা সেক্রেটারি কাজী ফয়সল আহমেদ, হিন্দু বিবাহ নিবন্ধক কমিটির সভাপতি রঞ্জিত কুমার ও জেলার সকল নিকাহ রেজিস্টাররা।

সভায় আগামী তিন বছরের মধ্যে লালমনিরহাটকে শতভাগ বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়। বাল্যবিবাহ সম্পাদনে জড়িত প্রমাণিত হলে সংশ্লিষ্ট কাজীদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারিও দেয়া হয়।

এছাড়া প্রশাসনিক বা রাজনৈতিক কোনো চাপ থাকলে তা জানাতে আহ্বান জানানো হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও সভায় উল্লেখ করা হয়।