২৫ বছর পর বিএনপির দুর্গ পুনরুদ্ধার করলেন জালাল উদ্দীন

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দীন এক লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো: শফিকুল ইসলাম পেয়েছেন এক লাখ ২০ হাজার ৯৭৫ ভোট।

ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
অ্যাডভোকেট মো: জালাল উদ্দীন
অ্যাডভোকেট মো: জালাল উদ্দীন |নয়া দিগন্ত

দীর্ঘ ২৫ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়ে বিএনপির দুর্গ পুনরুদ্ধার করলেন অ্যাডভোকেট মো: জালাল উদ্দীন। তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হলেন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ৩২ হাজার ৫১৬ জন এবং পোস্টাল ভোটসহ মোট ১৭১টি কেন্দ্রের ভোট গণনা করা হয়। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দীন এক লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো: শফিকুল ইসলাম পেয়েছেন এক লাখ ২০ হাজার ৯৭৫ ভোট।

এছাড়া এ আসনে স্বতন্ত্র প্রার্থী নুর উদ্দিন আহমেদ (মোটরসাইকেল) এক হাজার ৩১৩ ভোট, মো: আনিসুজ্জামান খোকন (ময়ূর) ৩৬৩ ভোট, জাতীয় পার্টি মনোনীত মো: আফজাল হোসেন ভূঁইয়া (লাঙ্গল) দুই হাজার ১১৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহাম্মদ আবুল বাশার রেজওয়ান (হাতপাখা) তিন হাজার ৫৬৬ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী (টেলিভিশন) ২২২ ভোট ও গণঅধিকার পরিষদ মনোনীত মো: শফিকুল ইসলাম ৩৯৫ ভোট পেয়েছেন। মোট আটজন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই আসনে মোট বৈধ ভোটের সংখ্যা দুই লাখ ৭২ হাজার ৬১৬ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা সাত হাজার ৩৯৫। মোট প্রদত্ত ভোট দুই লাখ ৮০ হাজার ১১ এবং ভোটের শতকরা হার ৫২ দশমিক ৫৮ শতাংশ।

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো আপত্তিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকল প্রার্থী ও সাধারণ ভোটার এ ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দীনকে অভিনন্দন জানান।