পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

সোমবার সকালে বিবাদমান জমিতে ইট রাখা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে কিরণ বড় ভাই বীরেন্দ্র নাথ ওরফে বিরেনকে ধাক্কা দিলে মাটিতে পড়ে গিয়ে তিনি জ্ঞান হারান।

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা)

Location :

Paikgachha
ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু
ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু |প্রতীকী ছবি

খুলনার পাইকগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই কিরণ বৈরাগীর ধাক্কায় বড় ভাই বিরেন্দ্র নাথ বৈরাগীর (৭৮) মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কপিলমুনির নাবা গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র ও থানা পুলিশ জানায়, নাবা গ্রামের পরলোকগত মাদার বৈরাগীর মেজ ছেলে বীরেন্দ্র নাথ বৈরাগী ও সেজ ছেলে কিরণ বৈরাগী। বাড়ির সীমানার মাত্র দুই শতক জায়গা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যার সূত্র ধরে সোমবার সকালে বিবাদমান জমিতে ইট রাখা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এর একপর্যায়ে কিরণ বড় ভাই বীরেন্দ্র নাথ ওরফে বিরেনকে ধাক্কা দিলে মাটিতে পড়ে গিয়ে তিনি জ্ঞান হারান। তাৎক্ষণিক স্থানীয় গ্রাম্য ডাক্তার অশোককে ডেকে নিলে তিনি পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যু নিশ্চিত হতে স্বজনরা তাৎক্ষণিক বিরেনকে কপিলমুনি ভরতচন্দ্র হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাচী শিকদার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ, কপিলমুনি ফাঁড়ি পুলিশ ও পরে এএসপি ডি-সার্কেল আমির হামজা ঘটনাস্থল ও কপিলমুনি ভরতচন্দ্র হাসপাতাল পরিদর্শন করেন। নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধারণা করা হচ্ছে, ছোট ভাইয়ের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম কিবরিয়া জানান, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।