মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেছেন, কোনো দল বা শ্রেণীর লোককে ছাড় দেয়া হবে না। এমনকি আমাদের দলের কেউ জড়িত থাকলেও তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বালুচর, লতব্দী ও বাসাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ মাটি কাটার স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সরেজমিনে পরিদর্শনকালে এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ দেখেন, কিছু প্রভাবশালী মহল জোরপূর্বক ব্যক্তিমালিকানাধীন জমি কেটে নিচ্ছে। এমনকি সরকারি জমিও কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। তিনি বিষয়টিকে “মাটি সন্ত্রাস” আখ্যা দিয়ে বলেন, এদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেpয়া হবে।
এ সময় এমপির সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা সার্কেল অফিসার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এমপিকে কাছে পেয়ে স্থানীয় বাসিন্দারা অবৈধ মাটি কাটার কারণে তাদের ভোগান্তি, জমির ক্ষতি এবং পরিবেশগত ঝুঁকির বিষয় তুলে ধরেন। তারা দ্রুত এই কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান।
এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, এই এলাকায় যারা মাটি সন্ত্রাস করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে এবং খুব দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।



