মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওর থেকে ভাসমান অবস্থায় মাহমুদ বকস্ (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) সন্ধ্যার পর উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তি শহরতলীর নোয়াগাঁও এলাকার আছকর আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর এলাকায় প্রাণ কোম্পানির হ্যাচারি সংলগ্ন জলাশয়ে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জহিরুল ইসলাম মুন্না নয়া দিগন্তকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লোকটি মঙ্গলবার রাতে মাছ ধরার সরঞ্জাম নিয়ে হাইল হাওরে গিয়ে আর ফিরে আসেননি বলে জানায় তার পরিবার।
ধারণা করা হচ্ছে, হয়ত পা পিছলে তিনি পানিতে পড়ে আর উঠতে পারেনি। লাশ উদ্ধারের সময়ও মাছ ধরার সরঞ্জাম পাওয়া গেছে। তারপরও এ ঘটনায় রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।



