পাথরঘাটায় আগুনে পুড়ে গেছে ৪ দোকান

ভোর রাতে দোকানে আগুন লাগে। এসময় আশপাশের মানুষ সবাই ঘুমিয়ে ছিলেন। বাসস্ট্যান্ড এলাকার হৃদয়ের চায়ের দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় স্থানীয়রা।

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

Location :

Patharghata
আগুনে পুড়ে যাওয়া দোকান
আগুনে পুড়ে যাওয়া দোকান |নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটায় আগুন লেগে পুড়ে গেছে চারটি দোকান।

বুধবার (২৪ জুন) ভোর ৪টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকায় আগুন লাগার এ ঘটনা ঘটে। এসময় আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ভোর রাতে দোকানে আগুন লাগে। এসময় আশপাশের মানুষ সবাই ঘুমিয়ে ছিলেন। বাসস্ট্যান্ড এলাকার হৃদয়ের চায়ের দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় স্থানীয়রা। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ‘বেশ কয়েক বছর ধরে আমি পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকায় ব্যাবসা করে আসছি। আমার এত বছরের কষ্টের ব্যবসা প্রতিষ্ঠান চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল। এত বছর ধরে যতো অর্জন করা সম্পদ সব এই দোকানটিতে ছিল।’

তিনি আরো বলেন, ‘এখানে মোট চারটি দোকান পুড়ে গেছে। এ চারটি দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ব্যবসায়ীরা এখন নিঃস্ব হয়ে গেছে।’

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘৯৯৯ থেকে আমাদেরকে পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে আগুন লাগার খবর পাই। এ সংবাদের ওপর ভিত্তি করে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করছি বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে, তবে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এ আগুনে চারটি দোকান পুড়ে গেছে, কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

ব্যবসায়ীদের তথ্য মতে ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।