চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, ‘নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না।’
তিনি বলেন, ‘নির্বাচনের আগেও বলেছি, এখনও বলছি নৈতিকতার বিরুদ্ধে কাজ করলে তাদের ছাড় দেয়ার সুযোগ নেই। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে।’
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আহত বিএনপির নেতাকর্মীদের খোঁজখবর নিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এমপি সরওয়ার জানান, তার নেতাকর্মীরা তার জন্য এবং বিএনপির জন্য নির্ভীকভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করেছেন। বিপুল ভোটে বিজয়ী করায় তিনি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহাতাব উদ্দিন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জুনায়েত চৌধুরী, এমপির ছেলে সাওয়াজ নিজাম সনি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকুসহ স্থানীয় নেতাকর্মীরা।



