নীলফামারীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

নীলফামারীতে যৌতুকের দাবিতে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করার অভিযোগে মামলার প্রধান আসামি স্বামী মো: আলামিনকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২।

আবদুল গফুর, নীলফামারী

Location :

Nilphamari
গ্রেফতার মো: আলামিন
গ্রেফতার মো: আলামিন |নয়া দিগন্ত

নীলফামারীতে যৌতুকের দাবিতে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করার অভিযোগে মামলার প্রধান আসামি স্বামী মো: আলামিনকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বুধবার রাত সোয়া ১১টার দিকে নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের বড়ডাঙ্গা জাহার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি রাতে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে আলামিন বাঁশের লাঠি দিয়ে স্ত্রী সাদিয়াকে এলোপাতাড়ি মারধর করেন। পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর আলামিন মোবাইল ফোনে সাদিয়ার মাকে জানায় যে তার মেয়ে আত্মহত্যা করেছেন। এরপর তিনি পালিয়ে যান। পরে সাদিয়ার মা প্রতিবেশীদের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে সাদিয়ার ঝুলন্ত লাশ দেখতে পান।

এ ঘটনায় সাদিয়ার মা মোছা: হাসি বেগম বাদী হয়ে আলামিনকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নীলফামারী সদর থানায় একটি হত্যা মামলা করেন।