শ্রীবরদীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১২

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩৩) নামে একজন নিহত হয়েছেন।

এ জে এম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর)

Location :

Sreebardi
শ্রীবরদীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১২
শ্রীবরদীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১২ |নয়া দিগন্ত

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩৩) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) সকালে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম খড়িয়াকাজিরচর ইউনিয়নের মাদারপুর এলাকার মরহুম কালু মিয়ার ছেলে। এ ঘটনায় মাদারপুর এলাকার নিহত আশরাফুলের ভাই মাহা আলম (৫০) ও হাজেরাসহ উভয়পক্ষের প্রায় ১২ জন আহতের খবর পাওয়া গেছে।

আহতরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেরপুর জেলা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামের ইউপি সদস্য নুরুল আমিনের সাথে একই এলাকার মরহুম কালু মিয়ার ছেলে আশরাফুল ইসলামের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার (১৬ মে) রাত ৯টার দিকে নুরুল আমিন মেম্বার তার লোকজন নিয়ে আশরাফুল ইসলামের বাড়িতে হামলা ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করেন।

এ ঘটনায় আশরাফুল ইসলাম বাদী হয়ে নুরুল আমিন মেম্বারসহ ১১ জনকে আসামি করে ১৭ মে দুপুরে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই জের ধরে ১৮ মে সোমবার সকালে পুনরায় নুরুল আমিন মেম্বার তার লোকজন নিয়ে আশরাফুলের বাড়িতে হামলা চালান। এ সময় দু’পক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলামসহ অনেকেই গুরুতর আহত হন।

পরে আহতদের শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মরহুম ঘোষণা করেন। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছে।

এদিকে আশরাফুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় লোকজন নুরুল আমিন মেম্বারের বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীবরদী থানায় কোনো মামলা দায়ের হয়নি।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’