আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রফিকুল ইসলাম খান

রফিকুল ইসলাম খান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ২০২৪ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু সময়ের ব্যবধানে তারাই ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। বর্তমান সরকারকে আবারো স্মরণ করে দিয়ে বলতে চায়, জনগণের গণরায় নিয়ে কোনো ধরনের তালবাহানা না করে তা মেনে নেয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান তিনি।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
বক্তব্য দিচ্ছেন রফিকুল ইসলাম খান
বক্তব্য দিচ্ছেন রফিকুল ইসলাম খান |নয়া দিগন্ত

বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও এমপি মাওলানা রফিকুল ইসলাম খান। একইসাথে প্রতিটি ইউনিটকে আরো শক্তিশালী করে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার আহবান জানান তিনি।

শনিবার সকাল ১০টায় নাটোর শহরের জেলা পরিষদ হল মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জেলা ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ২০২৪ সালের ১ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু সময়ের ব্যবধানে সেই সরকারই ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। তিনি জনগণের গণরায় নিয়ে কোনো ধরনের তালবাহানা না করে তা মেনে নেয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় জনগণ আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান সরকারকেও ক্ষমতা থেকে বিদায় করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে দায়িত্বশীলদের আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে। শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি করতে পারলে নির্বাচনে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ করার সাহস কেউ পাবে না।

জামায়াতে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে সবার আগে পরিবারকে ইসলামভিত্তিকভাবে গড়ে তুলতে হবে। এরপর শহর-বন্দর, গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লায় ইসলামের গণভিত্তি রচনা করতে হবে।

বিগত সরকারের সমালোচনা করে রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জামায়াতের সিনিয়র নেতাদের প্রহসনের রায়ের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছিল। নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও জামায়াতের পথচলা থেমে থাকেনি। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অবিচল অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে কিছুটা স্বচ্ছতা দেখা গেলেও জাতীয় নির্বাচনে পাহাড়সম কারচুপি হয়েছে। ওই সময় নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, অধ্যক্ষ নজরুল ইসলাম ও প্রফেসর ড. আবুল হাশেম।

এছাড়া জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম রাশেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।