মানবপাচারপ্রবণ জেলা হিসেবে পরিচিত মাদারীপুরে মানবপাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। এ লক্ষ্যে চালু করা হয়েছে ‘মানবপাচার প্রতিরোধ ও মনিটরিং সেল’।
মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের নিচতলায় স্থাপিত সেলটির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, সহকারী পুলিশ সুপার সালাহউদ্দিন কাদের এবং জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, উন্নত জীবনের আশায় প্রতিবছর জেলার অনেক মানুষ দালালচক্রের প্রতারণার শিকার হয়ে বিদেশে পাচার হচ্ছেন। কেউ নিঃস্ব হয়ে দেশে ফিরছেন, আবার কেউ বিদেশে বছরের পর বছর অমানবিক পরিস্থিতিতে জীবন কাটাচ্ছেন। এসব ভুক্তভোগীর নিরাপত্তা, আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতেই এই মনিটরিং সেল গঠন করা হয়েছে।
তিনি জানান, নতুন সেলটি মানবপাচার-সংক্রান্ত প্রতিটি মামলার অগ্রগতি নিবিড়ভাবে তদারকি করবে। অভিযোগ গ্রহণ থেকে শুরু করে তদন্ত, অভিযোগপত্র (চার্জশিট) দাখিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি সহায়তা—সব কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হবে। এর ফলে মামলার দীর্ঘসূত্রতা কমবে এবং ক্ষতিগ্রস্তরা দ্রুত প্রয়োজনীয় সহায়তা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
পুলিশ সুপার আরো বলেন, অতীতে অনেক ভুক্তভোগী মামলা করতে গিয়ে কিংবা মামলা পরিচালনার সময় দালালচক্রের ভয়ভীতি, চাপ এবং নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। অনেকেই ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। নতুন এই মনিটরিং সেল এসব বিষয়ে নিবিড় নজরদারি রাখবে এবং ভুক্তভোগীদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দেবে।
তিনি জানান, মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, দালালচক্র শনাক্তকরণ এবং আন্তঃজেলা সমন্বয় জোরদারেও গুরুত্ব দেয়া হবে। জেলা পুলিশের আশা, এই উদ্যোগ মানবপাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং ভুক্তভোগীদের বিচারপ্রাপ্তি আরো সহজ হবে।



