বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) প্রকল্পের আওতায় গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের শহীদ জিয়া শিশু পার্কের সামনে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে গ্রিন বিল্ডিংয়ের ফলক উন্মেচন করে নির্মাণ কাজের উদ্বোধন করেন।
তিন হাজার ৭৫ দশমিক ৪২ বর্গফুট আয়তন এলাকাজুড়ে গ্রিন বিল্ডিংটি নির্মিত হচ্ছে। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মো: মামুনুর রশীদ।
রাজশাহী সিটি করপোরেশনের বাস্তবায়নে ভবনটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে চার কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৩৪৪ টাকা। পাঁচ তলা ফাউন্ডেশনে ২য় তলা বিশিষ্ট গ্রিন বিল্ডিংয়ের নিচতলায় দোকান ঘর থাকবে। ২য় তলায় হলরুম বা কমিউনিটি স্পেস ও ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে।
প্রকৌশল বিভাগ থেকে প্রাপ্ত তথ্য মতে, পরিবেশবান্ধব ‘হলো ব্লক’ দিয়ে এ বিল্ডিংটি নির্মিত হবে। নিজস্ব সোলার প্যানেল ব্যবহৃত উৎপাদিত বিদ্যুৎ দিয়ে আলোকায়নের ব্যবস্থা করা হবে। বিল্ডিংটিতে বিশেষায়িত গ্লাস ব্যবহৃত করা হবে যা তাপরোধী। বিল্ডিংটির রুফটফে তাপরোধী রঙের কোটিং ব্যবহৃত হবে, যা বিল্ডিংটিকে শীতল রাখতে সহায়তা করবে।
বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য টয়লেট ও লিফটের ব্যবস্থা রাখা হবে। এই ভবনের সম্মুখ অংশে ভার্টিক্যাল গার্ডেনিং করা হবে। যা বিল্ডিংটিকে পরিবেশবান্ধব রাখতে সহায়তা করবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো: মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা জসীম উদ্দিন আরজু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী মো: শাহেদুজ্জামান জীবন প্রমুখ।



