পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে এলজিইডির অধীনে নির্মাণাধীন একটি সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৪ মার্চ) অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এলজিইডির উপজেলা প্রকৌশলী সরেজমিনে পরিদর্শন করে জানান, প্রকল্পের কাজ অনুমোদিত নকশা ও প্রাক্কলন (স্টিমেট) অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় অভিযোগকারীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাজমুল শাহাদাৎ ট্রেডার্স জানায়, গঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সামুদাফৎ সড়ক হয়ে বটতলা পর্যন্ত প্রায় ৬ দশমিক ২৫ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পটি ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে অনুমোদন পায়। প্রায় চার কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ সরকারি নিয়ম-নীতি মেনেই পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠানটির প্রতিনিধি মো: সাহিন বলেন, ‘সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার বা নকশা বহির্ভূত কাজ করার যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়। কাজ এখনো চলমান রয়েছে। প্রকল্পের প্রতিটি ধাপ এলজিইডির তত্ত্বাবধানে হচ্ছে এবং নিয়মিত তদারকি করা হচ্ছে।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো: হাবিবুর রহমান বলেন, ‘কাজ চলমান অবস্থায় দু’জন কার্যসহকারী সার্বক্ষণিক সাইটে থাকেন এবং উপসহকারী প্রকৌশলী মো: আরিফ হোসেন নিয়মিত কাজ পরিদর্শন করেন। সড়ক নির্মাণে নির্ধারিত পুরুত্ব (থিকনেস) ও তাপমাত্রা ঠিক রেখে কাজ করা হচ্ছে। সাইটে স্কেল দিয়ে পুরুত্ব মাপা এবং থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করা হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: নাহিদ মিঞা বলেন, ‘সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে সরেজমিনে সড়কটি পরিদর্শন করেছি। পরিদর্শনের সময় ১০-১৫টি স্থানে নির্মাণকাজের পুরুত্ব পরীক্ষা করা হয় এবং কোথাও কম পাওয়া যায়নি।’
তিনি আরো বলেন, ‘যাচাই-বাছাই করে দেখা গেছে, যে অভিযোগ তোলা হয়েছে তা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। সড়ক নির্মাণকাজ অনুমোদিত নকশা অনুযায়ীই চলছে।’



