নরসিংদীর ৬৬৩ ভোটকেন্দ্রের ৩৯৩টিই ঝুঁকিপূর্ণ

সব ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করার চেষ্টা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্যের সংখ্যা সাধারণ কেন্দ্রের তুলনায় বেশি থাকবে।

Location :

Narsingdi
নরসিংদীর ম্যাপ
নরসিংদীর ম্যাপ |ফাইল ছবি

নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনের ৬৬৩টির মধ্যে ৩৯৩ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন।

নরসিংদী-১ (সদর) আসনের ১৪২ কেন্দ্রের মধ্যে ৯৮টি কেন্দ্র, নরসিংদী-২ (পলাশ ও সদরের তিন ইউনিয়ন) আসনের ৯১ কেন্দ্রের মধ্যে ৩৭টি, নরসিংদী-৩ (শিবপুর) আসনের ১০১ কেন্দ্রের মধ্যে ৮২টি, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের ১৬২ কেন্দ্রের মধ্যে ১১০টি ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের ১৬৭ কেন্দ্রের মধ্যে ৬৬টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, অতীতের নির্বাচনী ঘটনা বিচার-বিশ্লেষণসহ ভোটকেন্দ্রের অবকাঠামোগত পরিবেশ, সঙ্ঘাত প্রবণ এলাকা, স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, যাতায়াত ব্যবস্থা ও সার্বিক পরিবেশ বিবেচনায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সব ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করার চেষ্টা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্যের সংখ্যা সাধারণ কেন্দ্রের তুলনায় বেশি থাকবে।

তিনি আরো জানান, অধিক ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে, এমন ২৫০টি কেন্দ্রে স্ট্রাইকিং টিম, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকবে। বডি ক্যামেরাসহ দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

নরসিংদীর পাঁচটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র হিসেবে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২৩৭ জন। এরমধ্যে নারী ভোটার নয় লাখ ৭০ হাজার ৯৮৭, পুরুষ ভোটার ১০ লাখ ৩০৪ ও হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার ৩৬ জন।

প্রশাসন বলছে, ভোটাররা যেন নির্ভয়ে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।