জিয়ানগরে পরকীয়ায় বাধা দেয়ায় শাশুড়িকে হত্যা

জনরোষ থেকে বাচানোর জন্য নিহতের পুত্রবধু ও ওই বাড়িতে বেড়াতে আসা পুত্রবধূর মামাকে থানা হেফাজতে আনা হয়েছে।

জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Pirojpur
শাশুড়িকে হত্যা
শাশুড়িকে হত্যা |ফাইল ছবি

পিরোজপুরের জিয়ানগরে পুত্রবধুর পরকীয়ায় বাধা দেয়ায় শাশুড়ি নমিতা রানীকে (৬০) হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৮ নম্বর কলারণ গ্রামে নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নমিতা রানী ওই গ্রামের রাধেশ্যাম পালের স্ত্রী।

রাধেশ্যামের অভিযোগ, তাদের ছেলে শ্যামল পালের স্ত্রী বন্যা রানী পালের (৩২) সাথে এলাকার এক যুবকের সাথে পরকীয়া সম্পর্ক রয়েছে। এর আগেও বন্যা আরো এক যুবকের সাথে পালিয়ে গিয়েছিল।

পরকীয়ায় বাধা হওয়ায় নমিতাকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাধেশ্যাম বলেন, ‘আমার পুত্রবধুর চরিত্র খারাপ। তার কাছে বাহিরের লোকজন আসা যাওয়া করত।’

তিনি আরো বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে আমি বাজার শেষে এসে ঘরের খাটের ওপর আমার স্ত্রীকে পড়ে থাকতে দেখি। তার গলায় আঘাতের চিহ্ন দেখতে পাই। পুত্রবধুর পরকীয়ায় বাধার কারণে সে আমার স্ত্রীকে হত্যা করেছে।’

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহাব্বত খান বলেন, ‘নমিতা রানীর নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠনো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘জনরোষ থেকে বাচানোর জন্য নিহতের পুত্রবধু ও ওই বাড়িতে বেড়াতে আসা পুত্রবধূর মামাকে থানা হেফাজতে আনা হয়েছে। তাদেরকে আটক করা হয়নি।’