কুয়েট ভিসিকে শিক্ষকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বুধবার দুপুর ১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সম্পন্ন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থাগ্রহণে ভিসি ব্যর্থ হলে এক দফা কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) |ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভারপ্রাপ্ত ভিসিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষকরা।

তারা আগামীকাল বুধবার দুপুর ১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সম্পন্ন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থাগ্রহণে ভিসি ব্যর্থ হলে এক দফা কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন।

আজ মঙ্গলবার দ্বিতীয়ে দিনের মতো ভিসি কার্যালয়ে অবস্থান কর্মসূচি শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: ফারুক হোসেন প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন।

এদিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালিত হয়। শিক্ষক সমিতির নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের সাথে জড়িতসহ শিক্ষকদের লাঞ্ছিত করার সুষ্ঠু বিচার করে শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি এবং অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার দাবিতে কুয়েটের শিক্ষকরা গত ৪ মে থেকে কর্মসূচি পালন করে আসছে।

প্রেস ব্রিফিংয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: ফারুক হোসেন বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে (বুধবার দুপুর ১টা) ভিসি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সম্পন্নসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন। যাতে করে আমরা দ্রুত ক্লাসে ফিরে যেতে পারি। এটা না হলে আমরা শিক্ষকরা বুধবার আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

তিনি আরো বলেন, ‘এটা যদি এমন হয় তার (ভিসির) সিদ্ধান্তের কারণে আমরা ক্লাসে ফিরতে পারব না এবং এককভাবেই তিনি তার দায়িত্ব নিচ্ছেন, তাহলে এক দফা দাবি করতে হবে। তিনি দায়িত্ব পালন করবেন কি না? তাকেই (ভিসিকে) সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করতে পারবেন কি না? আমরা তাকে বলব, তিনি দায়িত্ব পালন করতে পারলে ক্যাম্পাস পরিচালনা করবেন, না পারলে তিনি তার মতো সিদ্ধান্ত নেবেন। বুধবারও যথাসময়ে সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভাইস চ্যান্সেলরের কার্যালয়ের সামনে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।’