দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের দেবীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার, শিক্ষা উপকরণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার খুটামারা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হাতে হুইলচেয়ার ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও সামাজিকভাবে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারাও সমাজের মূলধারায় নিজেদের যোগ্যতা ও প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: তোবারক হ্যাপি, বিদ্যালয়ের দাতা সদস্য হরিশ চন্দ্র রায়সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



