ফটিকছড়িতে ৪ ফার্মেসির মালিককে লাখ টাকা জরিমানা

উপজেলা পৌরসভার বিবিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।

Location :

Fatikchhari
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ফার্মেসির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলা পৌরসভার বিবিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিবিরহাট বাজারের বেশ কিছু দোকানে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফ্রিজিং বা সঠিক নিয়মে সংরক্ষণ না করা, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং অবৈধ ভারতীয় ওষুধ রাখা ও বিক্রি করা হচ্ছিল। এমন খবরে অভিযান চালিয়ে রাকিব ফার্মেসিকে ১০ হাজার টাকা, করিম ক্লিনিক ফার্মেসিকে ২০ হাজার টাকা, করিম ড্রাগ হাউসকে ৫০ হাজার টাকা এবং জনসেবা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জব্দকৃত অবৈধ, অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রহমত উল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে ও বাজারে সুশাসন বজায় রাখতে এই অভিযান চালানো হয়েছে। অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলার কোনো সুযোগ নেই। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’