দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় খোলা ও পরে প্রতিরোধের মুখে বন্ধ হয়ে যাওয়ার ঘটনার পর এবার জেলার বিভিন্ন উপজেলায় দলীয় কার্যালয় খোলার চেষ্টা করা হয়েছে। তবে স্থানীয়দের প্রতিরোধের মুখে সেসব কার্যালয় আবারও বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পার্বতীপুর, বিরল ও বীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার খবর পাওয়া যায়। পার্বতীপুর উপজেলায় আজাদ ও রানা নামে দুই নেতার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা “জয় বাংলা”সহ বিভিন্ন দলীয় স্লোগান দিতে থাকেন।
খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় ‘জুলাই যোদ্ধা’ ও বিএনপির সমর্থকদের একটি অংশ সেখানে জড়ো হয়। একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত দলের কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে বিরল উপজেলায় মঙ্গলবার কার্যালয় খোলার পর সন্ধ্যায় প্রতিরোধের মুখে পড়ে সেটি বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় জনতা কার্যালয়টিতে আগুন দেয় বলে অভিযোগ রয়েছে।
এছাড়া জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়েও আওয়ামী লীগের কার্যালয় খোলার খবর পাওয়া গেছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো পুনরায় বন্ধ হয়ে যায় বা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিস্থিতি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



