সিংগাইরে জমি নিয়ে ভাইয়ের সাথে বিরোধে ভাই নিহত

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সিংগাইর পৌর এলাকার গোলড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম খন্দকার ওই এলাকার মৃত গিয়াসউদ্দিন খন্দকারের ছেলে।

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)

Location :

Singair
নিহত নজরুল ইসলাম খন্দকার ও তার আহত ছেলে অভি খন্দকার
নিহত নজরুল ইসলাম খন্দকার ও তার আহত ছেলে অভি খন্দকার |সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের লোকজনের হামলায় বড় ভাই নজরুল ইসলাম খন্দকার (৬২) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে অভি খন্দকার (২৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সিংগাইর পৌর এলাকার গোলড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম খন্দকার ওই এলাকার মৃত গিয়াসউদ্দিন খন্দকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল খন্দকারের সাথে তার ছোট ভাই অহেদ খন্দকার ও ভাতিজাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন মীমাংসার জন্য স্থানীয় মুরুব্বিরা উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠক চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠলে সংঘর্ষ বাঁধে।

অভিযোগ রয়েছে, এ সময় প্রতিপক্ষ অহেদ খন্দকারের লোকজন বড় ভাই নজরুল ইসলাম খন্দকারকে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। একই সময় তার ছেলে অভি খন্দকারকে ইট দিয়ে আঘাত করা হয়, এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

পরে স্থানীয়রা আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নজরুল খন্দকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। পরে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, অভি খন্দকার বর্তমানে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

থানার এসআই রেজাউল করিম-২ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজহারুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।