ঝালকাঠির কাঁঠালিয়া-বান্দাঘাটা-কৈখালী সড়কের জোড়াপোল বাজার সংলগ্ন একটি পুরাতন আয়রন ব্রিজ অতিরিক্ত পাথরবোঝাই ট্রাকের ভারে ধসে পড়েছে। শুক্রবার (১৫ মে) রাতে এ দুর্ঘটনা ঘটলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এতে চেঁচরী রামপুর, পাটিখালঘাটা, শৌলজালিয়া ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকার হাজার হাজার মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির সামনের অংশ ভেঙে খালের পানিতে দেবে গেছে। দুর্ঘটনার সময় অতিরিক্ত পাথরভর্তি একটি ট্রাক বান্দাঘাটা থেকে কৈখালী বাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি ব্রিজের ওপর উঠতেই অতিরিক্ত ভারের কারণে ব্রিজের মাঝামাঝি অংশ ভেঙে পড়ে এবং ট্রাকের পেছনের অংশ খালে ধসে যায়। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপার আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় শনিবার সকালে ট্রাকটির বিভিন্ন অংশ খুলে সরিয়ে নেয়া হয়। ব্রিজটি ধসে পড়ায় ইজিবাইক, রিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কাঁঠালিয়া, ভান্ডারিয়া, বিনাপানি, কচুয়া ও কৈখালী রুটের যাত্রীদের বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিভিন্ন স্থানে মরিচা পড়ে দুর্বল হয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি। ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণেও ছিল না কোনো নির্দেশনা।
স্থানীয় ইউপি সদস্য মো: শাহিন হোসেন বলেন, ‘ব্রিজটি অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ ছিল। আমরা কয়েকবার সংস্কারের দাবি জানিয়েছিলাম। কিন্তু কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। এখন ব্রিজ ভেঙে যাওয়ায় এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।’
ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শহীফ খান বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ট্রাকচালকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ইতোমধ্যে মানুষ পারাপার হওয়ার ব্যবস্থা করা হয়েছে। দু’এক দিনের মধ্যে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হবে।’
উপজেলা নির্বাহী অফিসার মো: মকবুল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত সরিয়ে দেয়া হয়েছে এবং ভেঙ্গে পড়া ব্রিজটি দ্রুত মেরামত করে সড়ক চালু করা হবে।



