বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

সকল কলঙ্ক মুক্ত করে বিমানকে স্বচ্ছ প্রতিষ্ঠানে গড়ে তোলা হবে

বিমান মন্ত্রী বলেন, ১৭ বছরের দুর্নীতি, ধ্বংস, অপকর্ম, জঞ্জাল দূর করতে একটু সময় লাগবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত জনগনের জন্যে, দেশের জন্যে কাজ করে যাচ্ছেন। আপনারা সরকারকে সহযোগিতা করুন, আমরা সবাই মিলে এক স্বপ্নের বাংলাদেশ গড়বো।

মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ

Location :

Manikganj
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা |নয়া দিগন্ত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, অতীতের সকল অনিয়ম ও দুর্নীতি দূর করে বাংলাদেশ বিমানকে একটি স্বচ্ছ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা হবে।

তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আইনের সুশাসন নিশ্চিত করতে হবে, যাতে অসহায় মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়। এ ক্ষেত্রে আইনজীবী ও বিচারকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জজকোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে লিগ্যাল এইড আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ নারী ও শিশু ট্রাইবুনাল সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা, পিপি নুরতাজ আলম বাহার, মন্ত্রীর একান্ত সহকারী সচিব মো: আব্দুল আওয়াল বুলবুল প্রমুখ।

এর আগে, শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে বিমানমন্ত্রী জেলা পরিষদের ছয়তলা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলার নির্মাণকাজ উদ্বোধন করেন।

জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মেহেদী হাসান, নির্বাহী সৃহৃদ সালেহীন প্রমুখ।

এদিন দুপুর ২টার দিকে ছনকা উচ্চ বিদ্যালয় মাঠে তিনি সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদী ভাঙন রোধে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, আজকে বর্ষাকে সামনে রেখে অস্থায়ীভাবে নদী ভাঙ্গনের কাজ শুরু করা হলেও আমরা স্থায়ীভাবে নদী শাসনের ব্যবস্থা করা হবে।

মন্ত্রী আরো বলেন, ১৭ বছরের দুর্নীতি, ধ্বংস, অপকর্ম, জঞ্জাল দূর করতে একটু সময় লাগবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত জনগনের জন্যে, দেশের জন্যে কাজ করে যাচ্ছেন। আপনারা সরকারকে সহযোগিতা করুন, আমরা সবাই মিলে এক স্বপ্নের বাংলাদেশ গড়বো।

তিনি স্থানীয় নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানান।