ঝিনাইদহের মহেশপুর উপজেলার পারগোপালপুর সীমান্তে তিন বাংলাদেশী যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর- বিএসএফ।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে ভারতের মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
আটকরা হলেন— মহেশপুর উপজেলার পারগোপালপুর গ্রামের আব্দুল গনির ছেলে শাহিন (২২), একই গ্রামের আবু বাক্কারের ছেলে সোহাগ (২৭) ও কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (১৫)।
এলাকাবাসী জানান, ওই তিনজন সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: রফিকুল আলম জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, তারা মাদক আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছে। বিষয়টি নিয়ে আমরা বিএসএফের সাথে যোগাযোগ করেছি এবং আটকদের অবস্থার খোঁজখবর নিয়েছি। তারা বর্তমানে বিএসএফের হেফাজতে রয়েছে এবং সুস্থ আছে।



