কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় গরুসহ কৃষক নিহত

কটিয়াদী থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আচমিতা বাজারের দিকে যাওয়ার সময় হঠাৎ সড়কে উঁচু স্থান দেখে কোনো ধরনের সিগনাল না দিয়ে আচমকা সাইড পরিবর্তন করে।

ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
ট্রাকের ধাক্কায় কৃষক ও তার গরুর মৃত্যু
ট্রাকের ধাক্কায় কৃষক ও তার গরুর মৃত্যু |নয়া দিগন্ত গ্রাফিক্স

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আচমিতা এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায় একটি ট্রাক। এ সময় ট্রাকের ধাক্কায় ইমন মিয়া (২৬) নামে এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় সংলগ্ন আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কটিয়াদী থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আচমিতা বাজারের দিকে যাওয়ার সময় হঠাৎ সড়কে উঁচু স্থান দেখে কোনো ধরনের সিগনাল না দিয়ে আচমকা সাইড পরিবর্তন করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি সড়কের পাশে গরুকে ঘাস খাওয়ানো অবস্থায় কৃষক ইমন মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার সাথে গরুটিও মারা যায়।

কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় গরুসহ কৃষকের মৃত্যু হয়েছে। উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।