ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবলে পিকআপ-ভ্যানের সাথে সিএনজিচালিত-অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাহুবল উপজেলার মুগকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো: মারুফ (৩৮) ও জামালপুরের বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ (৭৫)।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বাহুবল উপজেলার মুগকান্দি নামক স্থানে সিলেটগামী একটি পিকআপ-ভ্যানের সাথে মহাসড়কের বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের বাহুবল উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই দু’জনের মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
ওসি আরো জানান, নিহতরা তাবলীগ জামাতের সদস্য ছিলেন।
সূত্র : বাসস



