চট্টগ্রাম বন্দর

ভুয়া নথিতে কন্টেইনার খালাসের পর উদ্ধার, তদন্ত কমিটি গঠন

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি অবগত হওয়ার পর বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কনটেইনারটি উদ্ধার করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি বলে সূত্র জানায়। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
চট্টগ্রাম বন্দর থেকে ভুয়া নথিতে পোশাক কারখানার কাঁচামাল বোঝাই কন্টেইনার বের করে নেয়ার পর উদ্ধার করা হয়
চট্টগ্রাম বন্দর থেকে ভুয়া নথিতে পোশাক কারখানার কাঁচামাল বোঝাই কন্টেইনার বের করে নেয়ার পর উদ্ধার করা হয় |নয়া দিগন্ত

ভুয়া নথিপত্র ব্যবহার করে পোশাক কারখানার কাঁচামাল বোঝাই একটি ডাবল সাইজের কন্টেইনার চট্টগ্রাম বন্দর থেকে বের করে নেয়ার পর উদ্ধার করা হয়েছে। ভুয়া অন-চেসিস অনুমতিপত্র, চালান এবং গেট পাস ব্যবহার করে কন্টেইনারটি বন্দরের সংরক্ষিত এলাকা থেকে বের করে নেয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি অবগত হওয়ার পর বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কনটেইনারটি উদ্ধার করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি বলে সূত্র জানায়। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) কন্টেইনারটি পাচারের উদ্দেশ্যে জে এস ইন্টারন্যাশানাল সিএন্ডএফ এজেন্টের একটি ভুয়া অন-চেসিস অনুমতিপত্র, চালান এবং গেট পাস ব্যবহার করে এনসিটি ব্যাকআপ ইয়ার্ড থেকে ট্রেইলার নম্বর-চট্টমেট্রো-ঢ-৮১-২৩৬৪ এ লোড করে সিপিএআর গেট ব্যবহার করে বিকেল সাড়ে ৪টার দিকে কন্টেইনারটি বের করে নেয়া হয়। বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং এক পর্যায়ে কন্টেইনারটির অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়।

পরবর্তীতে কন্টেইনারসহ ট্রেইলারটি হালিশহরের বারনীঘাট এলাকার শাহজালাল ট্রাক টার্মিনালের পাশে, বিএমডি সাইফুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামক একটি গ্যারেজ থেকে বন্দরের নিরাপত্তা বিভাগ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার করে। এ সময় কন্টেইনারটি পাচারের সাথে জড়িতরা পালিয়ে যায়।

সূত্র জানিয়েছে, ফাহিম এটেয়ার অ্যান্ড কম্পোজিট লিমিটেড নামীয় প্রতিষ্ঠানের নামে আমদানিকৃত কন্টেইনার নং-এইচএমএমইউ-৪১৭৫৯৯০ যার এজেন্ট কন্টিনেন্টাল ট্রেডার্স, রোটেশন নম্বর-২৫/৩৮৭১, ভেসেল-স্বদেশী চিটাগাং। কন্টেনারটি পাচারের চেষ্টাকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় উদ্ধার করা হয় বলে সূত্রের দাবি।

বন্দর কর্তৃপক্ষের সচিব সাইয়েদ রেফায়েত হামীম জানিয়েছেন, এ ব্যাপারে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তবে তদন্ত কমিটিতে কারা রয়েছেন তাৎক্ষণিক তিনি জানাতে পারেননি। এ ঘটনায় বন্দর থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।