কুমিল্লায় ফুটবল সমর্থনকে কেন্দ্র করে আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মো: শরিফুল ইসলাম (৩২) নামে ব্রাজিলের এক সমর্থক নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা মহানগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালু নামে দুই ব্যক্তি শরিফুলকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।



