ঝিনাইদহে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে খুচরা বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা শাখার খুচরা সার বিক্রেতারা অংশ নেন।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি সায়েদুল আলম বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সদর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম টিপু, মহেশপুরের সভাপতি সাইফুল ইসলাম উজ্জল, হরিণাকুন্ডুর সভাপতি শামিম আহমেদ চাঁদ, শৈলকুপার সভাপতি বাবুল আক্তার, কোটচাঁদপুরের সভাপতি হারুন অর রশিদ ও কালীগঞ্জের সভাপতি জিল্লুর রহমানসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করায় দেশের ৪৪ হাজার পরিবার ও তাদের পরিজন মানবেতর জীবন-যাপন করছে। তাই তাদের লাইসেন্স বহাল রেখে সার নীতিমালা-২০২৫-এর পুর্নগঠন স্থগিত করার দাবি জানান তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।



