সিলেট নগরীতে ছিনতাইকারী ধরতে হার্ড লাইনে নেমেছে পুলিশ। সম্প্রতি নগরীতে ছিনতাই বৃদ্ধি পাওয়ায় চিরুনি অভিযানে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
শুক্রবার (৬ মার্চ) রাত থেকে শনিবার (৭ মার্চ) বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে আটজন ছিনতাই মামলার আসামিসহ ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এসএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের (ডিবি) সমন্বয়ে পরিচালিত পৃথক ও বিশেষ অভিযানে মোট ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাদের মধ্যে আটজন ছিনতাইকারী, দু’জন ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসহ ১০ জন, মাকদসেবী পাঁচজন, অবৈধ ভারতীয় মালামাল চোরাচালানে অভিযুক্ত ২৬ জন রয়েছেন।
এছাড়া নগরীর বিভিন্ন এলাকা হতে ১৯ জন সন্দেহজনক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানকালে ৩৯ লাখ ৩০ হাজার ১৬০ টাকার ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।



