ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছে দুই হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (২১ মে) সকালে গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালি ইউনিয়নের দরিচাইরবাড়িয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো: কাওছার আলম (৪৪)। তিনি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বাসিন্দা। তার বাবার নাম জামেদ আলী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মশাখালি ইউনিয়নের দরিচাইরবাড়িয়া গ্রামের একটি জঙ্গলে স্থানীয়রা লাশটি গাছে বাঁধা অবস্থায় দেখতে পান। মাথাবিহীন লাশের বাকি অংশ গাছে বাঁধা অবস্থায় ছিল এবং মাথাটি পাশেই পড়ে ছিল। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে, স্থানীয়রা কেউ লাশ শনাক্ত করতে না পারায় পিবিআইকে খবর দেয়া হয়। পিবিআই গিয়ে লাশের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, পিবিআই’র মাধ্যমে পরিচয় জানতে পেরেছি। নিহত যুবকের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায়। তার বাবার নাম জামেদ আলী, মাতার নাম লাইলী বেগম। তবে কিভাবে কী ঘটেছে এখনো জানা যায়নি। পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।



