কক্সবাজারে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

বৃহস্পতিবার (১৩ আগস্ট) লবণ মাঠে কাজ করার সময় এক শ্রমিকের জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সাকিবের সাথে স্থানীয় কয়েকজনের বিরোধ হয়। এ সময় তার ওপর হামলা চালানো হয়।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Cox's Bazar
দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত
দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত |প্রতীকী ছবি

কক্সবাজারের নবগঠিত উপজেলা মাতামুহুরীর বদরখালী ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় মেহেদী হাসান সাকিব (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের এশিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মেহেদী হাসান সাকিব মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতডালিয়া পাড়া এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) লবণ মাঠে কাজ করার সময় এক শ্রমিকের জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সাকিবের সাথে স্থানীয় কয়েকজনের বিরোধ হয়। এ সময় তার ওপর হামলা চালানো হয়। পরে সাকিব নিজ এলাকা সাতডালিয়া পাড়ায় ফিরে এলে ফের হামলার ঘটনা ঘটে। এতে সাকিব, তার বাবা ওয়াজ উদ্দিন (৬৫), দুই ছোট ভাই আরফাত (১৮) ও মোশাররফ করিম (২১) গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে তাকে চট্টগ্রামের এশিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানানো হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, বদরখালী ইউনিয়নে হামলার ঘটনায় মেহেদী হাসান নামে একজন চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে খবর পেয়েছি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতারে করা হবে।